মোঃ মেহেদী হাসান , নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আজ (রবিবার, ২৭ জুলাই) সকালে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুরের বেড়াইদের চালাস্থ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টায় এই সভা শুরু হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে তিনি দশম শ্রেণির পরীক্ষাকে শিক্ষার্থীদের জীবনের ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করে এতে সফল হওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন। তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ধ্যায় শিশুরা পড়াশোনায় কতটা মনোযোগী সেদিকে নজর রাখা জরুরি। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকা এবং শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজ রাখার ওপরও তিনি জোর দেন। অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী আরও উল্লেখ করেন যে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক – এই তিন পক্ষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সারফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনির হোসেন ও ইউনুস আলী, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা মোঃ আশরাফুল সরকার। অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
