সোলায়মান মোহাম্মদ : টাংগাইলের ভূঞাপুরে জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং প্রতিকার বিষয়ক উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সোমবার দুপুরে উপজেলার কষ্টাপাড়া আলিম মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায়, অধ্যক্ষ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার, অত্র মাদরাসার এডহক কমিটির সভাপতি মো. আবু আব্দুল্লাহ খান। এ সময় জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও প্রতিকার বিষয়ক উপস্থিত বক্তব্যের অনুষ্ঠানে ৩ জন শিক্ষার্থীকে যথাক্রমে ৬ষ্ঠ শ্রেণির স্মৃতি খাতুনকে ১ম, নবম শ্রেণির খাদিজা আক্তারকে ২য় এবং ৬ষ্ঠ
শ্রেণির আতিকুরর রহমান শুভকে তৃতীয় নির্বাচিত করে মহামূল্যবান বই পুরস্কার প্রদান করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মন্ডল, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, অত্র মাদরাসার এডহক কমিটির সদস্য মাকসুদ জামিল মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র ৬ নং ওয়ার্ড সভাপতি মো.হায়দার প্রামানিক। এছাড়া মাদরাসার শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ আব্দুস ছাত্তার বলেন, কষ্টাপাড়া আলিম মাদরাসা ভূঞাপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান যা মরহুম মুর্ত্তজা আলী স্যার প্রতিষ্ঠা করে গেছেন। আমরা মাদরাসার ঐতিহ্য ধরে রাখতে এবং সরকারের নির্দেশনানুযায়ী কাজ করছি। শিক্ষার্থীরা আমাদের প্রাণ। তারা যাতে এখান থেকে বের হয়ে দেশ ও দশের সেবা করতে পারে আমরা সেভাবেই তাদেরকে পড়িয়ে উপযুক্ত করে তুলছি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশের সমস্যা নয় বর্তমানে এটি একটি গুরুতর বৈশ্বিক সমস্যা। তোমাদের ধন্যবাদ এমন বিষয়ে জ্ঞান অর্জন এবং বক্তব্য প্রদানের জন্য। এভাবেই তোমাদের ধীরে ধীরে বড় হতে হবে। আমিও তোমাদের মতো মফস্বল শহর থেকে লেখাপড়া করে উঠে এসেছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে। তোমরাও পরিশ্রম করলে পারবে। তবে সফলতা একদিনে আসে না, সহজে ধরা দেয় না। অনেক পরিশ্রম করতে হয়, পড়ালেখা করতে হয়। বাধা-বিপত্তি থাকে সেগুলোও ওভারকাম করতে হয়। ইংরেজিতে কথা বলা শেখার বিষয়ে গুরুত্ব দিবে। বিশ্বাস করি তোমরা সেভাবেই পড়বে। কোনো সমস্যা হলে শিক্ষকদের মাধ্যমে আমাকে জানাবে। বড় হও তোমরা। অনুষ্ঠান শেষে মাদরাসার প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
