ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. খেলাধুলা
  3. চাকরির খবর
  4. জাতীয়
  5. তথ্য-প্রযুক্তি
  6. বিনোদন
  7. মুক্তমত
  8. রাজনীতি
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘সে ভুল করেছে’, মুল্ডারের ৪০০ ছোঁয়ার চেষ্টা না করা নিয়ে গেইল

দৈনিক বিরাজমান
জুলাই ১০, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

একটি ব্যাখ্যা ভিয়ান মুল্ডার দিয়েছেন। তার ওই বিস্ময় জাগানিয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা অবশ্য চলছেই। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়কের সিদ্ধান্তটি যেমন একেবারেই পছন্দ হয়নি ক্রিস গেইলের। ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার চেষ্টা না করাটা ভুল বলে মনে করেন ক্যারিবিয়ান তারকা।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন গত সোমবার ৩৩৪ বলে ৩৬৭ রান করে ইনিংস ছেড়ে দেন মুল্ডার। টকস্পোর্ট-এ আলাপে গেইল বলেন, এরকম সুযোগ জীবনে বারবার আসে না, তাই টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের লারার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল মুল্ডারের।

“আমি যদি ৪০০ করার সুযোগ পেতাম, তাহলে আমি সেটা করতাম। এমন কিছু বারবার হয় না। আপনি জানেন না আবার কখন ট্রিপল সেঞ্চুরি করতে পারবেন। তাই যখনই এমন সুযোগ আসবে, তখন সর্বোচ্চ কাজে লাগানো উচিত।”

ইনিংস ঘোষণার ব্যাখ্যায় দিনের খেলা শেষে মুল্ডার বলেছিলেন, ক্যারিবিয়ান কিংবদন্তি লারার প্রতি সম্মান জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

৪৫ বছর বয়সী গেইলের মতে, মুল্ডার হয়তো ভড়কে গিয়েছিলেন।

“সে বেশিই উদারতা দেখিয়েছে এবং বলেছে যে, সে চেয়েছে রেকর্ডটি ব্রায়ান লারার কাছেই থাকুক। হয়তো সে ঘাবড়ে গিয়েছিল, সে বুঝতে পারেনি, এমন পরিস্থিতিতে কী করা উচিত।”

“আপনি ৩৬৭ রানে আছেন, স্বাভাবিকভাবে রেকর্ডের সুযোগ নিতে হবে। যদি কিংবদন্তি হতে চান…কীভাবে কিংবদন্তি হবেন? রেকর্ড দিয়েই কিংবদন্তি হতে হয়।”

ওই টেস্টে মুল্ডার অধিনায়কত্ব পান ঘটনাচক্রে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার চোটে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া কেশাভ মহারাজও চোটে ছিটকে পড়ায় দায়িত্ব পড়ে মুল্ডারের কাঁধে। এর আগে স্বীকৃত ক্রিকেটে তার নেতৃত্বের একমাত্র অভিজ্ঞতা ছিল ২০২২ সালে ইংল্যান্ডে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের কোয়ার্টার-ফাইনালে কেন্টের বিপক্ষে লেস্টারশায়ারের অধিনায়কত্ব করা।

বুলাওয়ায়োর ম্যাচটি কেবল তার ক্যারিয়ারের ২১তম টেস্ট। তিন নম্বরে তিনি উইকেটে যান দশম ওভারে। প্রথম দিন শেষে অপরাজিত রয়ে যান ২৬৪ রানে। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করে দ্বিতীয় দিন যখন লাঞ্চ বিরতিতে যান তিনি, লারার রেকর্ড কেবল ৩৩ রান দূরে। তবে দক্ষিণ আফ্রিকা আর ব্যাটিংয়ে নামেনি।

এই ধরনের রেকর্ডে প্রতিপক্ষের মান গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন ১০৩ টেস্ট খেলা গেইল। মুল্ডার সেই পথে না ছুটে ভুল করেছেন বলেই মত ‘ইউনিভার্স বসের।’

“আমার মতে এটা তার ভুল, চেষ্টা না করা এবং রেকর্ডের জন্য না ছোটা। আমরা জানি না, চালিয়ে গেলে সে রেকর্ড গড়তে পারত কি-না। কিন্তু সে ৩৬৭ রানে ইনিংস ঘোষণা করেছে এবং নিজের মতামত দিয়েছে। কিন্তু শুনুন, টেস্ট ম্যাচে ৪০০ রান করার সুযোগ জীবনে একবারই আসে। আরে ভাই, তুমি অনেক বড় একটা সুযোগ হারিয়ে ফেলেছো।”

“এটা একই ক্রিকেট, টেস্ট ক্রিকেট। যদি এভাবে ভাবেন, কখনও কখনও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আপনি এক রানও করতে পারবেন না। প্রতিপক্ষ কোনো ব্যাপার না, যে কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি করেন না কেন, সেটা টেস্ট সেঞ্চুরিই। যদি ডাবল, ট্রিপল বা ৪০০ করেন, তখনও সেটা টেস্ট ক্রিকেটই। এটাই সবকিছুর ওপরে। আমি যেমনটা বলেছি, সে ঘাবড়ে গিয়েছিল এবং সে ভুল করেছে।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।