ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. খেলাধুলা
  3. চাকরির খবর
  4. জাতীয়
  5. তথ্য-প্রযুক্তি
  6. বিনোদন
  7. মুক্তমত
  8. রাজনীতি
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে কাঁঠাল গাছে ঝুলছিল যুবকের মরদেহ, দুই পা বাঁধা!

দৈনিক বিরাজমান
জুন ২৮, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী  হাসান, ( শ্রীপুর) গাজীপুর:  গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের মগডালে দুই পা বাঁধা অবস্থায় মোহন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে ডেকো গার্মেন্টস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোহন ওই এলাকার মোস্তফার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ভোররাতে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছে গামছা ও প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার দুই পা বাঁধা ছিল। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, মোহন আগে মির সিরামিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। রোজার ঈদের পর একবার মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন। মুক্তির পর থেকে পারিবারিক বিষয়ে প্রায়ই ঝগড়া করতেন বলে জানা গেছে।

মোহনের বড় ভাই কাজল বলেন, “ঈদের আগে জেল থেকে আসার পর থেকে সে অস্বাভাবিক আচরণ করত। শুক্রবার রাত ৯টার দিকে খেয়ে বাইরে বের হয়। এরপর আর ফিরে আসেনি। ভোরে পাশের বাড়ির ভাবি জানায়, সে গাছে ঝুলছে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।