শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পার্লার ব্যবসার আড়ালে পাইকারি দরে মাদক বিক্রির অভিযোগে ৪৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত নারীর নাম সুরাইয়া আক্তার (২৫)। শুক্রবার রাতে শ্রীপুর পৌর এলাকার ১নং সিএনবি বাজার সংলগ্ন তার স্বামীর বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করে জানান, সুরাইয়া আক্তারকে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত সুরাইয়া আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুরের ১নং সিএনবি বাজার এলাকায় তার স্বামীর বাড়িতে একটি পার্লারের ব্যবসা চালাচ্ছিলেন। তবে এই ব্যবসার আড়ালে তিনি পাইকারি দরে মাদক বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সিএনবি এলাকায় একটি পার্লারের মালিক পাইকারি দরে মাদক কেনাবেচা করছেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে সুরাইয়ার বসত ঘর থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সুরাইয়া স্বীকার করেছেন যে, মাদকের এই বিশাল চালান তিনি কক্সবাজার থেকে বিমানে করে শ্রীপুরে এনেছিলেন। পুলিশ আরও জানিয়েছে, সুরাইয়ার সঙ্গে এই মাদক ব্যবসার সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “সুরাইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মাদক কারবারি ও মাদকাসক্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান শ্রীপুরে মাদক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
