গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুর থানাধীন পূর্ব নয়নপুর এলাকায় এক ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির নিরাপত্তা প্রহরী আহত হয়েছেন। ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোছলেমউদ্দিন (৫৮) নামের এক নিরাপত্তাকর্মী প্রায় দুই বছর ধরে ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে কর্মরত রয়েছেন। পূর্ব বিরোধ ও চলমান মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তাঁর পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের শত্রুতা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৭ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহান শেখ, রনি, আবিক, হারুন, মনির হোসেন, শাকিল ও রায়হানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চেয়ারম্যানের বাড়ির সামনে উপস্থিত হয়। তারা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে নজরুল ইসলামের নির্দেশে বাড়ির গেট ভাঙচুর করে, যাতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় প্রহরী মোছলেমউদ্দিন বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে আরও গালিগালাজ করে এবং চেয়ারম্যান ও তাঁর ছেলেদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত প্রহরী পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
অভিযোগে আরও বলা হয়েছে, পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
