গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারির মিথ্যা অপবাদ দিয়ে এক দিনমজুরের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং পরিবারের একমাত্র থাকার খুপরি ঘর ও ঘুমানোর চৌকিখাট ভেঙে তছনছ করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভুক্তভোগী পরিবার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিয়াজ উদ্দিন (৪০) আবদার গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত খলিলুর রহমান একই গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।
অভিযোগ ও ভুক্তভোগী রিয়াজ উদ্দিনের স্ত্রী রুজিনা আক্তার জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের বাগানে কয়েকজন তরুণ আড্ডা দিচ্ছিল। এসময় খলিলুর রহমানসহ তার লোকজন এসে মাদক কারবারির অপবাদ দিয়ে তাদের ছেলে ফরহাদসহ কয়েকজনকে মারধর করে। পরে তারা জোরপূর্বক বাড়িতে ঢুকে রিয়াজ উদ্দিনের বৃদ্ধ মা রেনুজা খাতুনকে মারধর করে ফেলে দেয়।
এরপর হামলাকারীরা রামদা ও সাবল দিয়ে পরিবারের একমাত্র খুপরি ঘরের বেড়া কুপিয়ে তছনছ করে এবং ঘরের ভেতরে থাকা একমাত্র চৌকিখাট ভেঙে ফেলে। যাওয়ার সময় দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে না হলে ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
রুজিনা আক্তার বলেন, “আমাদের ঘর ভেঙে দিয়েছে। স্বামী, সন্তান ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। শুধু বসতভিটা থেকে তাড়ানোর জন্যই আমাদের বিরুদ্ধে মাদকের অপবাদ দেওয়া হচ্ছে।”
আহত রেনুজা খাতুন বলেন, “হঠাৎ দলবেঁধে এসে আমার নাতিকে মারধর করে বাড়িতে হামলা চালায়। ঘরের কাঁথা-বালিশ এলোমেলো করে ফেলেছে। আমাদের কোনো অপরাধ নেই, আমরা গরিব বলেই এমন অত্যাচার করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খলিলুর রহমান বলেন, “আমার ওপর হামলা হলে আমাদের লোকজন এগিয়ে আসে। আমরা কারও ঘরবাড়ি ভাঙচুর করিনি।”
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”
ক্যাপশন: হামলার পর খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিনমজুরের পরিবার।
