গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ‘মা–বাবা সেবা কেন্দ্র’-এর আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চোখের বিভিন্ন রোগে আক্রান্ত চার উপজেলার পাঁচ শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দা স্কুল শিক্ষক আব্দুল মতিন বলেন, নজরুল ইসলাম খসরু প্রতিষ্ঠিত মা–বাবা সেবা কেন্দ্রটি গ্রামের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এখানে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শতশত অসুস্থ মানুষ এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আমি নিজেও কয়েক বছর ধরে এখানে চিকিৎসা নিচ্ছি।
চোখের সমস্যা নিয়ে ক্যাম্পে আসা আমেনা বেগম বলেন, চোখের ডাক্তার দেখিয়েছি। চিকিৎসক আপাতত চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এতে সমস্যা সমাধান না হলে অপারেশনের কথা বলেছেন। মা–বাবা সেবা কেন্দ্র থেকে ফ্রি অপারেশনের সুযোগ করে দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবক জয়নাল আবেদীন বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমি নজরুল ইসলাম খসরুর সঙ্গে কাজ করছি। তিনি শতশত রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে বিনা খরচে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছেন। আজও সকাল থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে এসেছেন।
মা–বাবা সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম খসরু বলেন, ‘মা–বাবা সেবা কেন্দ্রের মাধ্যমে আমি আমার জীবনের সবটুকু মানুষের সেবায় উৎসর্গ করেছি। এটাই আমার শান্তি। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অসহায় মা–বাবাদের সেবায় নিজেকে নিয়োজিত করি। পরে মা–বাবা সেবা কেন্দ্র গড়ে তুলি। নিজের ও ভাইদের জমিজমা বিক্রি করে এই মানবসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকব, মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেব।’
তিনি আরও জানান, মা দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও প্রতি মাসে নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
