ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. খেলাধুলা
  3. চাকরির খবর
  4. জাতীয়
  5. তথ্য-প্রযুক্তি
  6. বিনোদন
  7. মুক্তমত
  8. রাজনীতি
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে কারখানার বর্জ্য পানিতে জলাবদ্ধতা: জনদুর্ভোগ চরমে, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা

মোঃ মেহেদী হাসান , নিজস্ব প্রতিবেদকঃ  
জুলাই ২৮, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় অবস্থিত ইউনিসেন্স অ্যাপারেলস লিমিটেড নামক একটি কারখানার বিরুদ্ধে সড়কপথে বর্জ্য পানি ফেলে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় অধিবাসীরা বলছেন, কারখানার অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে দূষিত পানি সরাসরি রাস্তায় এসে জমা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।স্থানীয়দের অভিযোগ, কারখানার ভেতরের জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্পের মাধ্যমে পাইপ ব্যবহার করে পানি সরাসরি সড়কে ফেলা হচ্ছে।

এর ফলে রাস্তা কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ছে, যা যানবাহন এবং পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা তৈরি করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কপথে বিপুল পরিমাণ পানি জমে আছে, যার কারণে দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।আর্দ্র আবহাওয়া এবং অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে এই এলাকার রাস্তাঘাটে প্রায়শই জলাবদ্ধতা দেখা যায়। এই অবস্থার মধ্যে কারখানার বর্জ্য পানি নিষ্কাশন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফ্যাক্টরি থেকে মাত্র ১০০ গজের মধ্যেই রাস্তার ধারে রয়েছে কয়েকটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান – আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ,  আব্দুল মালেক মাস্টার কিন্ডার গার্টেন, ফুলেমুন্নেসা মাজহারুল উলুম মাদ্রাসা, জামিয়াতুল সুন্নাহ ও ক্যাডেট মহিলা মাদ্রাসা। এছাড়াও, দুটি মসজিদ ও ছোট বড় আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিদ্যমান।স্থানীয়দের মতে, এই পানি প্রায়শই দুর্গন্ধযুক্ত থাকে এবং মশা-মাছির উপদ্রব বাড়ায়, যা সংক্রামক রোগের ঝুঁকি সৃষ্টি করে।

এই ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষ যেন এক ‘প্রাকৃতিক বন্যা’ উপভোগ করছেন, ময়লা পানির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে ছোট বাচ্চাদের স্কুলেযাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং নামাজী ব্যক্তিরা মসজিদে যেতেও সংকোচ বোধ করছেন।ভুক্তভোগী মজিবর রহমান মোক্তার, ব্যবসায়ী আশরাফুল সরকার, রাশিদুল ইসলামসহ এলাকার লোকজন বলেন, “এসব ময়লা ও জমাট পানির কারণে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, গার্মেন্টস কর্মী, এলাকাবাসী—সবাই ভোগান্তিতে আছেন। আমরা এর প্রতিকার চাই।”এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে আবু তারেক আকন্দ পলাশ বলেন, “কারখানা কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। কারখানার বর্জ্য পানি সঠিক উপায়ে পরিশোধন করে নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত, যাতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবেশ দূষণ রোধ করা যায়।”তবে, ইউনিসেন্স অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোঃ জাকির হোসেন জানান, বৃষ্টির কারণে কারখানার ভিতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে তারা সেচ পাম্পের মাধ্যমে কারখানার ভেতর থেকে পাইপের সাহায্যে রাস্তায় পানি ছেড়ে দেন।এলাকাবাসী এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে স্থানীয় কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।