শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার থেকে নয়নপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার মাঝখানের আগাছা পরিষ্কার করেছে সৈয়দ বাড়ি কল্যাণ ট্রাস্টের একদল যুবক। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের এ কার্যক্রম চলে।
সৈয়দ বাড়ি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিত রক্তদান কর্মসূচি, দুস্থ পরিবারের মাঝে উপকরণ বিতরণ, বন্যার সময় ত্রাণ কার্যক্রমসহ নানাবিধ মানবিক কাজে নিয়োজিত থাকে। এরই ধারাবাহিকতায় এবার তারা সড়কের মাঝের আগাছা পরিষ্কারের উদ্যোগ নেয়।
তাদের মতে, রাস্তার মাঝে ঝোপঝাড় থাকার কারণে সাধারণ মানুষের রাস্তা পারাপারে অসুবিধা হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত আগাছার কারণে দ্রুতগামী গাড়ি চোখে পড়ে না, ফলে চালক ও পথচারী উভয়েই দুর্ঘটনায় পড়তে পারেন।
স্থানীয় যানবাহন চালকরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে জানান, আগাছা অপসারণে দৃশ্যমানতা বাড়বে এবং দুর্ঘটনার হার কমবে।
সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া মিথেন বলেন, “আমরা সবসময় মানবিক কাজে স্বেচ্ছায় অংশ নিই, এ কার্যক্রমও তারই অংশ।”
